
নিউজ প্রবাসী ডেক্স :
দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনার মধ্যে টিকা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক সংস্থা UNICEF।
ঢাকায় নিযুক্ত সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানিয়েছেন, টিকার সম্ভাব্য ঘাটতি নিয়ে তারা অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচ থেকে ছয়টি চিঠি দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। তার দাবি অনুযায়ী, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত সময়ে নিয়মিতভাবে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।
তিনি আরও বলেন, টিকা সরবরাহ ও কেনাকাটার প্রক্রিয়াগত জটিলতার কারণে ভবিষ্যতে সংকট তৈরি হতে পারে—এ বিষয়টি আগেই জানানো হয়েছিল। পাশাপাশি বৈঠকে অন্তত ১০ বার আলোচনাও হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
টিকা ঘাটতির প্রভাব নিয়ে সাম্প্রতিক সময়ে দেশে হামের বিস্তার ও শিশু মৃত্যুর ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে সমালোচনা ও তদন্তের দাবি উঠেছে। ইউনিসেফ বলছে, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে টিকা ব্যবস্থাপনায় দ্রুত ও স্বচ্ছ সিদ্ধান্ত নেওয়া জরুরি।