নিউজ প্রবাসী ডেস্ক:
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বর্ণবাদী আচরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। আজারবাইজানের বাকুতে গ্রুপ পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের এক খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী গালির অভিযোগ তুলে খেলার শেষ মুহূর্তে মাঠ ছেড়ে চলে যায় ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৫ দল। ঘটনাটি তদন্তের উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গ্রুপ ‘সি’-এর ম্যাচের শেষ মিনিটে ঘটনাটি ঘটে। তখন ৪-১ গোলে এগিয়ে ছিল আয়ারল্যান্ড। ভিডিও ফুটেজে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। অভিযোগ অনুযায়ী, আয়ারল্যান্ডের এক খেলোয়াড় ইংল্যান্ডের এক খেলোয়াড়কে ‘বানর’ বলে অপমান করেন।
বিষয়টি দলের কোচিং স্টাফকে জানানোর পর ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাট থর্প রেফারির সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তিনি নিজের দলের খেলোয়াড়দের মাঠ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। পরে ইংল্যান্ড দলের এক সহকারী কোচ রেফারিকে জানান, বর্ণবাদী আচরণের অভিযোগে তাঁদের দল আর ম্যাচ চালিয়ে যেতে চায় না।
আনুষ্ঠানিক প্রতিবেদন সংগ্রহ করছে ফিফা
ঘটনাটি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে ফিফা। সংস্থাটির এক মুখপাত্র বলেন, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ম্যাচে এ ঘটনা ঘটে। ইংল্যান্ড খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানানোর পর রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।
ফিফার মুখপাত্র আরও জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। এরপর বিষয়টি ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে। তদন্ত ও প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নির্ধারণ করবে কমিটি।
এ বিষয়ে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। সংস্থাটি ঘটনার বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিষয়টিকে গুরুত্ব দিয়ে খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
টুর্নামেন্টে ভালো শুরু করেছিল ইংল্যান্ড
চলতি অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে এর আগে কম্বোডিয়া, মন্টেনেগ্রো ও নিকারাগুয়ার বিপক্ষে জয় পেয়েছিল ইংল্যান্ড। দলটির পরবর্তী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
এবারই প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৮৯টি দেশ ও অঞ্চল। প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় নিয়ে ছোট মাঠে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচগুলো। দুই অর্ধে ২০ মিনিট করে খেলা হয় এই টুর্নামেন্টে।