
নিউজ প্রবাসী ডেক্স :
বিশ্বব্যাপী প্রযুক্তিগত সমস্যার কারণে প্রায় এক ঘণ্টা অচল থাকার পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক। একই সঙ্গে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামেও সেবা বিঘ্নিত হয়।
শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকে ব্যবহারকারীরা ফেইসবুক অ্যাপ, লগইন ও ওয়েবসাইট ব্যবহারে নানা ধরনের সমস্যার কথা জানাতে শুরু করেন। আন্তর্জাতিক সেবা পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরে অল্প সময়ের মধ্যেই হাজার হাজার অভিযোগ জমা পড়ে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি অভিযোগ ছিল অ্যাপ ব্যবহারে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক ব্যবহারকারী লগইন ও ওয়েবসাইটে প্রবেশে সমস্যার মুখোমুখি হন।
যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও ফিলিপিন্সসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা এ বিভ্রাটের শিকার হন। ফলে অনেকেই অ্যাকাউন্টে প্রবেশ কিংবা স্বাভাবিকভাবে ফেইসবুক ব্যবহার করতে পারেননি।
বিভ্রাটের বিষয়ে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, ব্যবহারকারীদের সমস্যার বিষয়টি তারা অবগত আছেন এবং দ্রুত সমাধানে কাজ করছেন।
প্রায় এক ঘণ্টা পর রাত সোয়া ৮টার দিকে ফেইসবুকসহ মেটার অধিকাংশ সেবা আবার স্বাভাবিক হতে শুরু করে। তবে কী কারণে এ বিভ্রাট ঘটেছে এবং কতসংখ্যক ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে মেটা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।