নিউজ প্রবাসী ডেক্স :

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়া আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর করা ‘কোটি কোটি টাকা নিয়ে পেছনে ঘোরা’ অভিযোগের কড়া জবাব দিয়েছেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
সোমবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ কখনো কোনো মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরেনি। যদি এমন অভিযোগ করা হয়ে থাকে, তবে তার প্রমাণও সংশ্লিষ্ট ব্যক্তিকেই দিতে হবে।
তিনি জানান, হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আপিল করা হবে। পাশাপাশি হাসপাতালের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ায় নিজেদের অবস্থান তুলে ধরা হবে।
সম্প্রতি নরসিংদীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল দাবি করেন, লাইসেন্স রক্ষায় আদ-দ্বীন কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে তার কাছে তদবির করেছে। একই সঙ্গে তিনি হাসপাতালটির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান।
তবে আদ-দ্বীন কর্তৃপক্ষ এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের বক্তব্য, হাসপাতালের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তারা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আপিল করবে এবং অভিযোগের যথাযথ জবাব দেবে।
উল্লেখ্য, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর গত ১১ জুন আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। এরপর থেকে হাসপাতালটির কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts