
নিউজ প্রবাসী ডেক্স :
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ভারতের সীমান্ত এলাকায় কথিত ‘পুশ-ইন’ কার্যক্রম অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, কোনো ধরনের আইনি বা প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করে মানুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা মানবাধিকারের পরিপন্থী।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এইচআরডব্লিউ জানায়, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এমন পদক্ষেপ এবং বাংলাদেশে প্রবেশে বাধার কারণে বহু পরিবার সীমান্তের শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। সংস্থার তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের শুরু থেকে শিশুসহ দুই শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অন্তত ২১টি প্রচেষ্টা প্রতিহত করেছে বিজিবি।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলী বলেন, সীমান্ত ব্যবস্থাপনার নামে মানুষের মৌলিক মানবিক মর্যাদা ক্ষুণ্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জোরপূর্বক বহিষ্কার বন্ধ করে নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান।
সংস্থাটি আরও দাবি করেছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও নাগরিকত্ব নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে অনেক বাংলাভাষী মুসলমান পরিবার আটক ও বহিষ্কারের ঝুঁকিতে পড়েছে। সীমান্ত এলাকায় আটকে পড়া বেশ কয়েকটি পরিবারের সাক্ষ্যও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
এইচআরডব্লিউর মতে, জাতীয়তা নির্বিশেষে কোনো মানুষকে সীমান্তের দুই বাহিনীর মাঝখানে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য করা মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী। সংস্থাটি বাংলাদেশ ও ভারত—উভয় দেশের সরকারকে মানবিক মর্যাদা রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।