
নিউজ প্রবাসী ডেক্স :
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণ বিএনপিকে পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই সরকারকে সময় না দেওয়ার আহ্বান জানানো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে।
বুধবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ বিএনপির ওপর আস্থা রেখে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগ দিয়েছে। এ অবস্থায় যারা সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার কথা বলছে, তারা মূলত জনগণের রায়ের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, “জনগণ যখন পাঁচ বছরের সময় দিয়েছে, তখন যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে কী করা উচিত? জনগণকে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।”
বক্তব্যে তিনি অতীত রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে বলেন, দেশের বিভিন্ন সংকট ও আন্দোলনের সময়ে কিছু রাজনৈতিক শক্তির ভূমিকা জনগণের স্মৃতিতে এখনও রয়েছে।
মৌলভীবাজারের সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।