নিউজ প্রবাসী ডেক্স :

বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলেও কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখছে ইরান ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালি পুনরায় বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। তবে একই সময়ে দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা সুইজারল্যান্ডে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় অংশ নিতে ওয়াশিংটন ত্যাগ করেছেন। অপরদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছেন।
ইরান দাবি করেছে, লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি ও পূর্ববর্তী সমঝোতার চেতনার পরিপন্থী। এর প্রতিক্রিয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার শুরু হতে যাওয়া বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং লেবানন সংকট গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। আলোচনার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেডি ভ্যান্স আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান সংকট নিরসনে কূটনৈতিক অগ্রগতি সম্ভব।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, আলোচনায় তেহরান মূলত অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও আলোচনার সূচনাপর্বে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। ইসলামাবাদ এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ আয়োজন করে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল।
অন্যদিকে লেবাননে সংঘাত অব্যাহত রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবারের ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং কয়েক ডজন যোদ্ধাকে হত্যা করেছে। একইসঙ্গে সংঘর্ষে তাদের চার সেনা সদস্য নিহত হওয়ার কথাও স্বীকার করেছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে নতুন উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপ শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে নতুন আশার সঞ্চার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts