নিউজ প্রবাসী ডেক্স :

চলতি জুলাই মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার প্রকাশিত জুলাই মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. নূরুল করিম জানান, জুলাই মাসে দেশের প্রধান নদ-নদীর পানির স্তর বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
কৃষি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে যশোরে দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নরসিংদীতে সর্বনিম্ন ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts