নিউজ প্রবাসী ডেক্স :

কয়েক দিনের টানা ভারি বর্ষণে বান্দরবান জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় শতাধিক পরিবার নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। পানিবন্দি মানুষের জন্য জেলা প্রশাসন খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করছে।
শহরের হাফেজঘোনা, কাসেমপাড়া, আর্মিপাড়া, বনানী স-মিল, বালাঘাটা ও সাঙ্গু নদীসংলগ্ন এলাকায় পানি ঢুকে বহু বাড়িঘর তলিয়ে যায়। পরিস্থিতির অবনতি হলে বাসিন্দারা প্রশাসনের নির্ধারিত বিভিন্ন বিদ্যালয়ভিত্তিক আশ্রয়কেন্দ্রে চলে যান।
জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন। প্রশাসনের পক্ষ থেকে খিচুড়ি, শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও মোমবাতি সরবরাহ করা হচ্ছে।
আশ্রয় নেওয়া কয়েকজন বাসিন্দা জানান, পানি দ্রুত বাড়ায় রাতেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে। কেউ কেউ অভিযোগ করেন, সব আশ্রয়কেন্দ্রে এখনো সমানভাবে খাদ্য সহায়তা পৌঁছায়নি। তবে প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে সব কেন্দ্রেই প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম আশ্রয়কেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা দিচ্ছে। পানিবাহিত রোগ, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্তদের ওষুধ সরবরাহ করা হচ্ছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বান্দরবানের সাত উপজেলায় মোট ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও আনসার সদস্যদের সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করা হবে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts