নিউজ প্রবাসী ডেক্স :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। এ রায়ের ফলে তার নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ ও সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পথে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ের পর সরোয়ার আলমগীরের আইনজীবীরা জানান, আদালত নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে আইনসম্মত মনে করেননি। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের সময় সরোয়ার আলমগীর ঋণখেলাপি ছিলেন না। ফলে তিনি বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন এবং জয়ী হয়েছেন।
চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীর প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হলেও আদালতের পূর্ব নির্দেশনার কারণে এতদিন ওই আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়নি। ফলে তার শপথও স্থগিত ছিল।
এর আগে জামায়াতে ইসলামীর প্রার্থীর করা আপিলের ভিত্তিতে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছিল। পরে তিনি হাই কোর্টে রিট করলে আদালত ওই সিদ্ধান্ত স্থগিত করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন। তবে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ ছিল।
এদিকে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন জামায়াত প্রার্থীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, লিখিত রায় প্রকাশের পর উচ্চ আদালতে আপিল করা হবে।
রায়ের ফলে এখন নির্বাচন কমিশনের পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের দিকেই নজর রয়েছে।