★নিউজ প্রবাসী ডেক্স :
নতুন পরীক্ষার সূচি পরে ঘোষণা করা হবে; আলিম, এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত।
নিউজ:
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার শনিবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাব্বির চৌধুরী জানান, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার শনিবারের নির্ধারিত সব পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হবে না।
এদিন শুধু সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি নয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে।
শনিবার চট্টগ্রাম বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্যোগপূর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরীক্ষা স্থগিতের বিষয়টি মাইকিংয়ের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের জানাতে কেন্দ্রসচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে একই কারণে গত বুধবারও চট্টগ্রাম বোর্ডের এইচএসসি এবং চট্টগ্রাম বিভাগের আলিম, বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী রয়েছেন ৯৯ হাজার ৬৮৮ জন। দুর্যোগের কথা বিবেচনায় রেখে প্রতিটি বিষয়ের জন্য পৃথক তিন সেট প্রশ্নপত্র প্রস্তুত করেছে শিক্ষা বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts