আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির অধিকাংশ এমপির সমর্থন পেয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন অ্যান্ডি বার্নাম। দলটির ৪০২ জন এমপির মধ্যে ইতোমধ্যে ৩২২ জন তার পক্ষে সমর্থন জানিয়েছেন। বর্তমানে নেতৃত্বের দৌড়ে ঘোষিত একমাত্র প্রার্থীও তিনি।
দলীয় নিয়ম অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কার্যত প্রতিযোগিতার বাইরে রাখতে ৩২৩ জন এমপির সমর্থন প্রয়োজন। বার্নাম সেই সংখ্যা থেকে মাত্র এক ভোট দূরে রয়েছেন। কয়েকজন এমপি জানিয়েছেন, সংসদে অনুপস্থিত থাকার কারণে তারা এখনো ভোট দিতে পারেননি; ফিরে এসেই বার্নামকে সমর্থন জানাবেন।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহে তাকে লেবার পার্টির নতুন নেতা ঘোষণা করা হতে পারে। এরপর ২০ জুলাই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র বার্নাম সম্প্রতি উপনির্বাচনে জয়ী হয়ে আবারও সংসদে ফেরেন। সমর্থনের জন্য এমপিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই সমর্থন দলজুড়ে পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সাধারণ মানুষের জন্য অর্থনীতি পুনর্গঠন এবং দেশের সব অঞ্চলে সমান উন্নয়নের অঙ্গীকার করেছেন।
এর আগে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়ে। পরে স্টারমার নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলে বার্নামের সামনে পথ আরও উন্মুক্ত হয়। বিদায়ী প্রধানমন্ত্রীও বার্নামকে একজন দক্ষ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছেন।
দলীয় নেতৃত্ব চূড়ান্ত হওয়ার আগে আগামী সোমবার লেবার এমপিদের সঙ্গে বৈঠকে নিজের নীতি ও পরিকল্পনা তুলে ধরবেন অ্যান্ডি বার্নাম। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সঙ্গেও নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।