নিউজ প্রবাসী ডেস্ক
বাংলাদেশ থেকে অবৈধভাবে মানুষকে যুক্তরাষ্ট্রে পাঠানোর অভিযোগে ব্রাজিলে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি সাইফুল্লাহ আল-মামুনকে দীর্ঘ সাত বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে হাজির করা হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ৮ জুলাই ব্রাজিল কর্তৃপক্ষ তাকে এফবিআইয়ের কাছে হস্তান্তর করে।
সোমবার টেক্সাস অঙ্গরাজ্যের লরেডো ফেডারেল আদালতে মামুনকে তোলা হয়। অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে জনপ্রতি ৩০ থেকে ৩৫ লাখ টাকা নিয়ে ব্রাজিল, মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের ব্যবস্থা করতেন।
তদন্তে জানা যায়, পাচার হওয়া ব্যক্তিদের প্রথমে ব্রাজিলের সাও পাওলোতে রাখা হতো। পরে বিভিন্ন দেশ হয়ে মেক্সিকোর সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে রিও গ্রান্দে নদী পার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করানো হতো।
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সাইফুল্লাহ আল-মামুনের ৫ থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এর আগে একই মানবপাচার চক্রের সদস্য মুক্তার হোসেন ও মিলন হোসেন টেক্সাসের ফেডারেল আদালতে দোষ স্বীকার করায় ৪৬ মাস করে কারাদণ্ড পান।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানবপাচারবিরোধী অভিযানে এ পর্যন্ত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪১৪ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন। একই চক্রের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে।