নিউজ প্রবাসী ডেক্স এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: আজ বহুল আলোচিত রায়
সিলেটের এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলার রায় আজ (মঙ্গলবার) ঘোষণা করা হবে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে দুপুরে এই রায় ঘোষণার কথা রয়েছে।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর আদালত ১৪ জুলাই রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের দাবি, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ডিএনএ পরীক্ষার ফলাফল অভিযোগ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে স্বামীর সঙ্গে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। পরদিন শাহপরাণ থানায় মামলা দায়ের করা হলে আটজনকে আসামি করা হয়।
তদন্ত চলাকালে কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পাশাপাশি ডিএনএ পরীক্ষায়ও গুরুত্বপূর্ণ আলামত পাওয়া যায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছায়।
ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দ্রুত বিচারের দাবি ওঠে। আজকের রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহুল আলোচিত এই মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী।