আন্তর্জাতিক ডেস্ক :
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০২৮-২০২৯ মেয়াদের অস্থায়ী সদস্যপদ অর্জনের লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করেছে ভারত। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ প্রচারণার উদ্বোধন করেন।
ভারতের এবারের প্রচারণার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শান্তি: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০২৮-২০২৯ সেশনে ভারত; রীতি, আস্থা ও সততা।’ প্রচারণায় বিশ্বশান্তি, বহুপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য দেশের পাশাপাশি দুই বছরের জন্য ১০টি অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। ২০২৮-২০২৯ মেয়াদের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি আসনের জন্য ভারতের প্রতিদ্বন্দ্বী দেশ তাজিকিস্তান। আগামী বছরের জুনে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, সংঘাত, অস্থিতিশীলতা ও বৈশ্বিক সংকটের এই সময়ে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের কার্যকর ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। তিনি আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা জোরদারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ভারত দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের কাঠামোগত সংস্কার এবং স্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। এর আগে দেশটি ২০২১-২০২২ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিল