বিশ্ব ডেস্ক ॥
যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায়, তাহলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তেহরান। রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরান ও অঞ্চলের একাধিক সূত্র।
সূত্রগুলোর দাবি, ইরানের শীর্ষ পর্যায়ে এ বিষয়ে আলোচনা শেষে হুতি নেতৃত্বের কাছে বার্তা পাঠানো হয়েছে। তবে কীভাবে এই নির্দেশ পৌঁছানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালি ও আশপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে। বাণিজ্যিক জাহাজে হামলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন রয়েছে। এখন কেবল ইরানের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে গোষ্ঠীটি।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির পাশাপাশি বাব আল-মান্দেব প্রণালিও অচল হয়ে পড়লে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সৌদি আরব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রিয়াদের ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, ইরান ও হুতিদের সমন্বিত পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক ঝুঁকি বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তেজনা আরও বৃদ্ধি পেলে লোহিত সাগর হয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts