নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা, ২৪ জুলাই: বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারের প্রতি তার সমর্থন ও শ্রদ্ধা ছিল বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্পিকার জানান, পদত্যাগপত্রে রাষ্ট্রপতি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং সাম্প্রতিক সময়ে অটোনমিক নিউরোপ্যাথিতে আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করেছেন। এসব শারীরিক জটিলতার কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে বলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নিজেই লিখিতভাবে তার অসুস্থতার বিষয়টি জানিয়েছেন। এ জন্য আলাদা কোনো চিকিৎসকের সনদ প্রয়োজন হয়নি।
তিনি আরও বলেন, একজন মানুষ হিসেবে রাষ্ট্রপতি অসুস্থ হতে পারেন এবং অতীতেও বিভিন্ন কারণে রাষ্ট্রপতির পদত্যাগের নজির রয়েছে। এ পদত্যাগের মাধ্যমে এ নিয়ে যে বিভ্রান্তি ছিল, তা দূর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
স্পিকার জানান, সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি রাষ্ট্রপতির কার্যভার পালন করবেন। একই সঙ্গে তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিরূপ পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয়।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি নিয়ে প্রশ্ন করা হলে স্পিকার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ততদিন পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।