আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিম এশিয়ায় নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে যায়। পরে তা ১০০ ডলারও ছাড়িয়ে যায়।
বুধবার দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ৯৯ ডলারের ওপরে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৯৪ ডলারের বেশি ছিল। পরে ব্রেন্টের দাম ১০০ ডলার অতিক্রম করে।
ছয় মাস ধরে চলা ইরান যুদ্ধের স্থায়ী সমাধানের সম্ভাবনা দুর্বল হয়ে পড়ায় আগস্টের শুরু থেকে ব্রেন্টের দাম প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে। সাম্প্রতিক কয়েক দিনের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
মঙ্গলবার ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের কয়েকটি শহর ও জ্বালানি স্থাপনায় হামলা চালায়। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর পর ইরান জর্ডানে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
সংঘাতের প্রভাব পড়ছে গুরুত্বপূর্ণ নৌপথেও। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় তেল সরবরাহ নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে সৌদি আরব হরমুজের বিকল্প পথে কিছু তেল রপ্তানি সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে সেই প্রচেষ্টাও ঝুঁকির মুখে পড়েছে।
বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে তেলের বাজারে সরবরাহ-ঝুঁকি আরও বাড়তে পারে। এতে জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপও বাড়ার আশঙ্কা রয়েছে।