নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর সদর উপজেলার ৩ নম্বর ইছালী ইউনিয়নের শুড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘বিবাহিত বনাম অবিবাহিত’ প্রীতি ফুটবল ম্যাচ। স্থানীয় ক্রীড়া সংগঠক তনু বিশ্বাস ও অলক বিশ্বাসের তত্ত্বাবধানে আয়োজিত এ খেলাকে ঘিরে বিকেল থেকেই মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সারাদিনের কর্মব্যস্ততা শেষে এলাকার শত শত ক্রীড়াপ্রেমী মাঠে এসে খেলাটি উপভোগ করেন।
প্রীতি ম্যাচের উদ্বোধন করেন আসন্ন ২০২৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ইছালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও আয়কর আইনজীবী মো. জুয়েল মুন্সী (এলএলবি, জাবি)।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে উপভোগ্য। নির্ধারিত সময়ে উভয় দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচটি অমীমাংসিত (ড্র) অবস্থায় শেষ হয়।
খেলা শেষে উভয় দলের ক্রীড়াসুলভ মনোভাব ও চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দুই দলকে দুই হাজার টাকা করে সম্মাননা প্রদান করেন অ্যাডভোকেট জুয়েল পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জ্বল মজুমদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়ানুরাগী ও বিপুলসংখ্যক দর্শক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন স্থানীয়রা।