নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে শর্ত সাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের প্রায় দেড় মাস পর আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।
সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এর আগে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস সংবাদ সম্মেলনে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘোষণা দেন। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গত ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, নোটিসের জবাব ও হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী লাইসেন্স বাতিল করা হয়।
তবে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করার সুযোগ ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে গত ২৪ জুন আপিল করে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।
এর পরিপ্রেক্ষিতে সোমবার স্বাস্থ্যসেবা বিভাগ আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কী কী শর্ত দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত জানানো হতে পারে।