নিউজ প্রবাসী ডেক্স :
প্রায় দুই বছর পর নীতি সুদহার (রেপো রেট) কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটি (এমপিসি) বিদ্যমান ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নতুন নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছে। আগামী ২ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভ্যন্তরীণ ও বৈশ্বিক মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক লেনদেন পরিস্থিতি পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) হার ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) হার আগের মতো ৭ দশমিক ৫০ শতাংশই বহাল রাখা হয়েছে।
এর আগে গত জুনে ঘোষিত মুদ্রানীতিতে নীতি সুদহার ১০ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিন পর নীতি সুদহারে পরিবর্তন আনল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন সুদহার অর্থনীতিতে তারল্য ব্যবস্থাপনা, বিনিয়োগ ও ঋণপ্রবাহে ইতিবাচক প্রভাব ফেলবে, পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সহায়ক হবে।