নিউজ প্রবাসী ডেক্স:

বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবারের এ দুর্ঘটনার তথ্য জানিয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে চালকসহ মোট ১৫ জন আরোহী ছিলেন। তাঁদের সবাই ইতালির নাগরিক। নিহত চারজনের মধ্যে দুজন ইতালীয় সেনাবাহিনীর সদস্য এবং অন্য দুজন ইতালীয় রেডক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর সদস্য।

দুর্ঘটনায় আহত ১১ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই শোকের মুহূর্তে তাঁর প্রথম ভাবনা নিহতদের স্বজনদের নিয়ে। ইতালির প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকেও তাঁদের প্রতি সমবেদনা জানান তিনি।

ইতালির সংবাদ সংস্থা আনসার তথ্য অনুযায়ী, বসনিয়া ও হার্জেগোভিনার ব্রকো জেলার গোরিচে গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে সামরিক পরিবহন হেলিকপ্টারটিকে মাটিতে উল্টে পড়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনায় সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়ন ফোর্সের ‘অপারেশন আলথিয়া’ মিশনের আওতায় মোতায়েন ছিল। বসনিয়া ও হার্জেগোভিনায় ডেটন শান্তিচুক্তির বাস্তবায়ন তদারকি করা এ মিশনের অন্যতম দায়িত্ব।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। কী পরিস্থিতিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এ ঘটনায় শোক জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি নিহতদের পরিবার এবং ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নিয়োজিত ব্যক্তিদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts