নিউজ প্রবাসী ডেক্স :
হবিগঞ্জের লাখাই উপজেলায় হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে কেনা একটি তরল পান করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় এবং নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন— লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের সুদেব দাস (৬০), সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত কুড়ি (৩৬)।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, তারা মোড়াকরি বাজারের একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে অ্যালকোহলজাতীয় একটি তরল কিনে নিয়মিত পান করতেন। মঙ্গলবার রাতে ওই তরল পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং বাড়িতে তাদের মৃত্যু হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে সুজিত দাস, হবিগঞ্জ সদর হাসপাতালে সুদেব দাস এবং ঢাকায় নেওয়ার পথে রঞ্জিত কুড়ির মৃত্যু হয়। অপরদিকে নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস নিজ বাড়িতেই মারা যান।
তিনি বলেন, নিহতদের স্বজনরা পুলিশকে না জানিয়েই চারজনের মরদেহ দাহ করেন। পরে সুদেব দাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, তারা যে তরল পান করেছিলেন তার উৎস এবং এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।