নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে জামিনে মুক্তি পেয়েছেন বলে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি বাংলাদেশ পুলিশ।
রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত ২৭ জুলাই বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন। আদালত তার পাসপোর্ট জব্দ রাখার পাশাপাশি অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাত ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে পুলিশ সদরদপ্তরের ইন্টারপোল শাখা (এনসিবি) জানিয়েছে, বেনজীরের জামিনে মুক্তির বিষয়ে তাদের কাছে এখন পর্যন্ত কোনো সরকারি তথ্য পৌঁছেনি। পুলিশ সদরদপ্তরের এআইজি এ এইচ এম শাহদাত হোসাইন বলেন, তারা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর দেখেছেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পাননি।
অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও পাসপোর্ট জালিয়াতিসহ একাধিক অভিযোগে দুদকের মামলার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের এপ্রিলে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়। পরে দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং বাংলাদেশ সরকার প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথিপত্র পাঠায়।
এদিকে জামিনে মুক্তির খবরে বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts