রাজিবুল ইসরাম খান সোহাগ সীমাখালী থেকে :

যশোরের বাঘারপাড়া ও মাগুরার শালিখা উপজেলার সীমান্তবর্তী চিত্রা নদীতে সোমবার পৃথক দুটি দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অল্প সময়ের ব্যবধানে ঘটে যাওয়া এ দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের মধ্যে একজন যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের আজমুল খানের ছেলে ও খানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সামি খান (১১)। অপরজন মাগুরার শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের ফিরোজ চৌধুরীর মেয়ে মোছা. ফারিস্তা খাতুন (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফিরে সামি খান বন্ধুদের সঙ্গে চিত্রা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আড়পাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তার মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, একই নদীর অপর প্রান্তে কিছু সময়ের ব্যবধানে খেলা করার সময় চিত্রা নদীতে পড়ে যায় শিশু ফারিস্তা খাতুন। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।
একই সময়ে চিত্রা নদীতে দুই শিশুর মৃত্যুর ঘটনায় বাঘারপাড়া ও শালিখা এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই শিশুর দাফনের প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts