নিউজ প্রবাসী ডেক্স :
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়া নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সভায় উভয় সংগঠনের নেতারা একে অপরকে লক্ষ্য করে বক্তব্য দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে সেই উত্তেজনা কলেজ ক্যাম্পাস ছাড়িয়ে কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকজনকে লাঠিসোঁটা, বাঁশ ও লোহার পাইপ হাতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড় ঘণ্টা পর দুই পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ছাত্রশিবিরের দাবি, তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল। অন্যদিকে ছাত্রদলের অভিযোগ, উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ করায় তাদের কর্মীদের মারধর করা হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কারও আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যারা সংঘর্ষে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts