নিউজ প্রবাসী ডেক্স :
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আলোকচিত্র, দলিল ও বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে গড়ে তোলা জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার রাজধানীর গণভবনে স্থাপিত এই জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জাদুঘরে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, শহীদদের ব্যবহৃত সামগ্রী, চিঠিপত্র, সংবাদপত্রের কাটিং, অডিও-ভিডিও এবং আন্দোলন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলনের ঘটনাপ্রবাহ এবং বিভিন্ন ঘটনার তথ্যচিত্রও প্রদর্শন করা হয়েছে।
পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।
সরকার জানিয়েছে, উদ্বোধনী দিনের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। অনলাইনে টিকিট কেটে প্রবেশ করা যাবে। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে বড়দের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।