নিউজ প্রবাসী ডেক্স :
লোহিত সাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে গঠিত নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে বাংলাদেশ। সরকারের ভাষ্য, জাতীয় স্বার্থ, বাণিজ্যিক রুটের নিরাপত্তা এবং সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তে যেমন সম্ভাব্য অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা রয়েছে, তেমনি ভবিষ্যতে কিছু ঝুঁকিও তৈরি হতে পারে।
৩১ জুলাই রিয়াদে ৪৩টি দেশের সামরিক প্রতিনিধি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এক সম্মেলনে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ গঠনের ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষরকারী ১৪ দেশের একটি বাংলাদেশ।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়; বরং লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি ও এডেন উপসাগরে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের আমদানি-রপ্তানির একটি গুরুত্বপূর্ণ অংশ এই সমুদ্রপথ দিয়ে পরিচালিত হয়। একই সঙ্গে সৌদি আরবে বাংলাদেশের বৃহৎ শ্রমবাজার থাকায় রিয়াদের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ।
তবে তারা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে যদি বাংলাদেশ সামরিকভাবে সক্রিয় ভূমিকা নেয়, তাহলে ইরান বা হুতি গোষ্ঠীর বিরূপ প্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাই অংশগ্রহণের ধরন নির্ধারণে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান বজায় রাখা প্রয়োজন।
সরকার জানিয়েছে, জোটে বাংলাদেশের অংশগ্রহণের পরিধি ও কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। দেশের সক্ষমতা ও জাতীয় স্বার্থ বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।