নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা-দিল্লি সম্পর্কের নতুন বার্তা, তারেকের সঙ্গে ত্রিবেদীর প্রথম সাক্ষাৎনিউজ
বাংলাদেশে দায়িত্ব নেওয়ার দুই মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
গত ১২ জুন ভারতের হাই কমিশনার হিসেবে ঢাকায় দায়িত্ব নেন দীনেশ ত্রিবেদী। ২৫ জুন তিনি তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।
দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দায়িত্ব নেওয়া ত্রিবেদী এরই মধ্যে বাংলাদেশ-ভারতের বিভিন্ন ইস্যুতে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন। বিশেষ করে তিস্তা ও গঙ্গার পানিবণ্টন নিয়ে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই প্রথম সাক্ষাতকে তাই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ও আরও কার্যকর করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।