নিউজ প্রবাসী ডেক্স :
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে যশোরগামী ‘আল-আরাফা’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসের কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় যোগ দেন। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা আক্তার জানান, আহত ১৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কারও মৃত্যু হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার কারণে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts