নিউজ প্রবাসী ডেক্স :
সাভারের বনগাঁও ইউনিয়নের গোপেরবাড়ী এলাকায় মাঠে পড়ে থাকা একটি প্রেসার কুকার থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
বুধবার সকালে ঘোড়া মসজিদের সামনে মাঠে প্রেসার কুকারটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এর মুখ দিয়ে কসটেপে প্যাঁচানো বৈদ্যুতিক তার বের হয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. ইমরান জানান, প্রেসার কুকারের ভেতর থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকেও হাতবোমা ও বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধারের খবর পাওয়া যায়।
বনগাঁওয়ের ঘটনাটি আগের উদ্ধারের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।