নিউজ প্রবাসী ডেক্স :
সূর্যগ্রহণের বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে বিপাকে পড়তে পারেন স্মার্টফোন ব্যবহারকারীরা। কোনো ধরনের সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় সরাসরি সূর্যের দিকে ফোনের ক্যামেরা তাক করে রাখলে ক্ষতিগ্রস্ত হতে পারে ক্যামেরার সেন্সর।
বুধবার ইউরোপের আকাশে দেখা যেতে যাচ্ছে বিরল সূর্যগ্রহণ। মহাজাগতিক এই দৃশ্য দেখতে ও ছবি তুলতে অনেকেই স্মার্টফোন কিংবা ডিজিটাল ক্যামেরা ব্যবহার করবেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি সূর্যের দিকে ক্যামেরার লেন্স তাক করানো নিরাপদ নয়।
সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে আংশিক ঢেকে রাখলেও সূর্যের তীব্র আলো ক্যামেরার ভেতরের সেন্সর অতিরিক্ত উত্তপ্ত করে ফেলতে পারে। দীর্ঘ সময় এভাবে ছবি তুললে সেন্সরের ‘ফোটোডায়োড’ ক্ষতিগ্রস্ত হয়ে স্থায়ীভাবে ‘ডেড পিক্সেল’ তৈরি হতে পারে। পরে ওই ক্ষতি মেরামত করাও সম্ভব নাও হতে পারে।
২০২৪ সালের সূর্যগ্রহণের আগে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাও একই ধরনের সতর্কতা দিয়েছিল। সংস্থাটির পরামর্শ, সূর্যগ্রহণের ছবি তুলতে হলে ক্যামেরার লেন্সের সামনে উপযুক্ত সোলার ফিল্টার ব্যবহার করতে হবে।
বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন, চোখে গ্রহণ দেখার বিশেষ চশমা পরা থাকলেও ক্যামেরা, টেলিস্কোপ বা বাইনোকুলারের মাধ্যমে সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। এসব যন্ত্রের তীব্র আলো ফিল্টার নষ্ট করে চোখে গুরুতর ক্ষতি করতে পারে।
তবে পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ যখন পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলে, তখন অল্প সময়ের জন্য খালি চোখে গ্রহণ দেখা নিরাপদ বলে জানানো হয়েছে।
এবারের সূর্যগ্রহণ উত্তর মেরুর কাছাকাছি এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে অগ্রসর হবে। আইসল্যান্ড ও স্পেনের কিছু এলাকায় পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। স্পেনের আকাশে শত বছরেরও বেশি সময় পর এমন পূর্ণ সূর্যগ্রহণ দেখা যেতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts