নিউজ প্রবাসী ডেক্স :
শেখ হাসিনার দিল্লিতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তাপ তৈরি হলেও বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ থেমে নেই। বরং দুই দেশই সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিচ্ছে। তবে ঢাকার পক্ষ থেকে চাওয়া হচ্ছে একটি ‘সহায়ক পরিবেশ’।
বিশেষ করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সেখান থেকে রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ড চালাতে না পারেন—এ বিষয়টি বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এরই মধ্যে ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। পরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে ঢাকার আলোচনার বিষয়গুলো অবহিত করেন তিনি।
এদিকে সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। পাশাপাশি রয়েছে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও।
তবে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ বা দ্বিপক্ষীয় সফর—কোনোটির বিষয়েই এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ঢাকা।
বিশ্লেষকদের মতে, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে রাজনৈতিক পর্যায়ে সরাসরি আলোচনা জরুরি। তবে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ে ঢাকার উদ্বেগের সমাধান না হলে তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা কমতে পারে।
অন্যদিকে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতিবেশী দুই দেশের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ফলে উত্তেজনার মধ্যেও ঢাকা-দিল্লি সম্পর্ক কোন দিকে যায়, এখন সেটিই দেখার বিষয়।