নিউজ প্রবাসী ডেক্স :
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় একটি মহিলা মাদ্রাসার পাশে হাতবোমার বিস্ফোরণে চার শিশু শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে ইমন সরদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলো—মিনহা (১০), জান্নাত (৯), মাইমুনা (৯) ও আবিদা (৮)। তারা ওই মাদ্রাসার শিক্ষার্থী। বিস্ফোরণে আহত চারজনকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইমন সরদার বলেন, তার বাড়ির সামনে কীভাবে বিস্ফোরণ ঘটল, তা তিনি জানেন না। মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান জানান, মাদ্রাসার পাশে হঠাৎ বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চার শিশু আহত হয়।
খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ওসি মো. জহিরুল আলম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।