নিউজ প্রবাসী ডেক্স :
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে গ্রেপ্তার হওয়া অর্ণব দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। অর্ণবের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
শনিবার সকালে তাকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্তের স্বার্থে প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়া হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
অর্ণবের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের দাবি, অর্ণব কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তবে গ্রেপ্তারের সময় তিনি ফুল দিতে ধানমন্ডিতে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এদিকে ১৫ আগস্ট ঘিরে রাজধানীসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টা এবং ধরপাকড়ের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।