নিউজ প্রবাসী ডেক্স :
জ্বালানি সংকট মোকাবিলায় আগের চেয়ে বাড়তি দামে দুই কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক কার্গো এলএনজির প্রতি এমএমবিটিইউ দাম পড়বে ২৪ দশমিক ৬২৫ ডলার এবং অন্যটির ২৪ দশমিক ২৫ ডলার।
এর আগে ১৯ আগস্ট এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্তে প্রতি এমএমবিটিইউ দাম ধরা হয়েছিল ২৩ দশমিক ৯৩ ডলার। অর্থাৎ পাঁচ দিনের ব্যবধানে প্রতি এমএমবিটিইউতে দাম বেড়েছে ৩২ থেকে প্রায় ৭০ সেন্ট।
বাংলাদেশে আসা একটি এলএনজি কার্গোতে সাধারণত ৩২ লাখ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ গ্যাস থাকে। নতুন দর অনুযায়ী, এক কার্গো এলএনজি কিনতে সর্বোচ্চ প্রায় ১ হাজার ১৩ কোটি ৫৬ লাখ টাকা খরচ হতে পারে।
ফলে পাঁচ দিন আগে কেনা এলএনজির তুলনায় কার্গোপ্রতি প্রায় ১৩ কোটি থেকে ২৯ কোটি টাকা পর্যন্ত বাড়তি খরচ হতে পারে।
এর আগে জুলাইয়ের শেষ দিকে একটি এলএনজি কার্গো কিনতে ৯৪৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছিল। সেই হিসাবে এক মাসেরও কম সময়ে এলএনজি আমদানিতে ব্যয় আরও বেড়েছে।
এদিকে গত ২১ জুলাই আগুনে এক্সিলারেট এনার্জির টার্মিনালের বৈদ্যুতিক কেবল ক্ষতিগ্রস্ত হলে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ৬ আগস্ট টার্মিনালটি আংশিক চালু হলেও সরবরাহে ওঠানামা অব্যাহত ছিল।
শনিবার দুপুর থেকে মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে আবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।