নিউজ প্রবাসী ডেক্স :
দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন। একই সময়ে মারা গেছেন আরও তিনজন। চলতি বছরে এক দিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর এটাই সর্বোচ্চ সংখ্যা।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৯৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছেন ১৫৮ জন।
এ ছাড়া বরিশালে ১১৭, চট্টগ্রামে ১০৭, খুলনায় ২১৫, ময়মনসিংহে ৭১, রাজশাহীতে ৭৬, রংপুরে ২৩ এবং সিলেটে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে গত ১৬ আগস্ট এক দিনে ৮০৫ জন এবং ১১ আগস্ট ৭৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ২৯ হাজার ৯২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৭৫৮ জন।
চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৩১ জন।
দেশে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিল ২০২৩ সালে। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রায় ১ লাখ ২ হাজার মানুষ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়ে আসছেন।