নিউজ প্রবাসী ডেক্স :
আমদানি প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এলসি খোলার বাধ্যবাধকতা শিথিল করে আমদানিকারকদের জন্য আরও সহজ করা হয়েছে পণ্য আনার সুযোগ।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় ২০২৬-২৯ মেয়াদের নতুন আমদানি নীতি আদেশ জারি করেছে। এর মধ্য দিয়ে ২০২১-২৪ সালের আগের আমদানি নীতি বাতিল হয়েছে।
নতুন নীতিতে এলসি ছাড়াই সেলস বা পারচেজ কনট্রাক্টের মাধ্যমে পণ্য আমদানির সুযোগ দেওয়া হয়েছে। আগের নীতিতে এ ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ৫ লাখ ডলারের সীমা ছিল; নতুন নীতিতে সেই সীমা তুলে দেওয়া হয়েছে।
পাশাপাশি প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল ও সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার বিধিমালা যুক্ত করা হয়েছে।
অনুমোদিত শিল্পের মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি সহজ করার পাশাপাশি রপ্তানিমুখী শিল্পে বিনা মূল্যে কাঁচামাল ও উৎপাদন উপকরণ আমদানির সুবিধাও বাড়ানো হয়েছে।
সরকারের আশা, নতুন নীতির ফলে বাণিজ্য প্রক্রিয়া আধুনিক হবে, বিনিয়োগ বাড়বে এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
তবে আমদানি নিয়ন্ত্রণ শিথিল হওয়ায় দেশে পণ্য আমদানির পরিমাণ দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। বিপরীতে বাংলাদেশি পণ্যের রপ্তানি সুবিধা না বাড়লে দীর্ঘমেয়াদে বাণিজ্য ঘাটতি আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts