বিনোদন ডেস্ক
মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে বলিউড অভিনেতা ইমরান হাশমির সিনেমা ‘আওরাপন ২’। বিশ্বব্যাপী আয় প্রায় ১৯৩ কোটি রুপি ছাড়িয়ে যাওয়ায় এখন ২০০ কোটির মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছে সিনেমাটি।
১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহেও দর্শক টানছে ‘আওরাপন ২’। সোমবার পর্যন্ত ভারতে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে প্রায় ১৩৬ কোটি ২৫ লাখ রুপি। দেশটিতে গ্রস আয় প্রায় ১৬২ কোটি ৫০ লাখ রুপি।
অন্যদিকে বিদেশের বাজার থেকে সিনেমাটি আয় করেছে প্রায় ৩০ কোটি ৩০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ১৯২ কোটি ৮০ লাখ রুপি।
২০০৭ সালের জনপ্রিয় ‘আওরাপন’ সিনেমার সিক্যুয়েল এটি। সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে একই সময়ে প্রতিযোগিতা করেও বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে ছবিটি।
সিনেমাটিতে ইমরান হাশমির পাশাপাশি অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গেছে শ্রিয়া শরণ ও শাদ রন্ধাওয়াকে।
নিতিন কাক্কর পরিচালিত এবং বিশেষ ভাট প্রযোজিত ‘আওরাপন ২’ এখন অপেক্ষায় মাত্র ৭ কোটি ২০ লাখ রুপির। এই অর্থ যোগ হলেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে সিনেমাটি।