নিউজ প্রবাসী ডেক্স :
চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, ফাইটার বিমান, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও ইউএভি সিস্টেম সংগ্রহের প্রক্রিয়া চলছে। এরই অংশ হিসেবে জে-১০সিই যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়ে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে আলোচনা হয়েছে এবং একটি খসড়া চুক্তিপত্রও তৈরি করা হয়েছে।
তিনি জানান, চলতি অর্থবছরে বাজেট সহায়তা পাওয়া গেলে যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তা সম্ভব না হলে বিষয়টি পরবর্তী অর্থবছরের বাজেটে নেওয়া হতে পারে।
জে-১০ যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাহেদ উর রহমান ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, ওই সংঘাতে চীনা জে-১০ যুদ্ধবিমান কার্যকর সক্ষমতা দেখিয়েছে।
তিনি বলেন, ইউরোপীয় রাফাল বা ইউরোফাইটার টাইফুনের তুলনায় চীনা যুদ্ধবিমানের দাম তুলনামূলক কম। একই সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
উপদেষ্টা বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের পাশাপাশি আন্তর্জাতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts