নিজস্ব প্রতিবেদক :
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আয়োজিত দু’দিনব্যাপী ‘সুলতান উৎসব’ শেষ হয়েছে। উৎসবের সমাপনী অনুষ্ঠানে ‘আলোকচিত্র প্রদর্শনী’ ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে নড়াইল শহরের সুলতান মঞ্চে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় ডিবিসির নড়াইল প্রতিনিধি ও দৈনিক স্পন্দন পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক ফরহাদ খানসহ পাঁচজনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আলোকচিত্র প্রদর্শনীতে সাংবাদিক, শিক্ষার্থী, সৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন পেশার ৪০ জন অংশগ্রহণ করেন। সাংবাদিক ফরহাদ খানের আলোকচিত্রের বিষয় ছিল ‘রূপসী বাংলা’। নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়া এলাকায় অবস্থিত অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের লেক থেকে প্রাণ-প্রকৃতি নির্ভর ছবিটি ধারণ করা হয়।
এদিকে, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগে মোট ৫০ জনকে পুরস্কৃত করা হয়।
এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু, এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব সসীম সরকার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী নিখিল দাস, চিত্রশিল্পী ডিডি মল্লিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ রহমানসহ সুলতানপ্রেমীরা।
সমাপনী অনুষ্ঠানে ‘ড্রামা সার্কেল’, নড়াইলের পরিবেশনায় ‘এখনও কৃতদাস’ নাটক মঞ্চস্থ করা হয়। এছাড়া আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত গ্রামীণ মেলায় ছিল ব্যাপক লোকসমাগম।
এর আগে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় সুলতান মঞ্চ চত্বরে দু’দিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ হিসেবে খ্যাত এস এম সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে অবস্থিত স্মৃতি সংগ্রহশালা চত্বরে সমাহিত করা হয়।