নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশে এনজিও খাতে বিদেশি অনুদানের প্রবাহ বাড়লেও কর্মসংস্থানের সংকট কাটছে না। ইউএসএআইডির অর্থায়ন কমে যাওয়ার পর চাকরি হারানো উন্নয়নকর্মীদের মধ্যে এখনো প্রায় ৩০ হাজার মানুষ বেকার রয়েছেন বলে দাবি করেছে অ্যাসোসিয়েশন অব আনএমপ্লয়েড ডেভেলপমেন্ট প্রফেশনালস-এইউডিপি।
এনজিও বিষয়ক ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বিদেশি অনুদান হিসেবে ছাড় হয়েছে প্রায় ১০ হাজার ১৪৩ কোটি টাকা। আগের কয়েক অর্থবছরের তুলনায় অনুদানের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে।
২০২৫ সালের শুরুতে মার্কিন সরকারের বিদেশি সহায়তা স্থগিত ও কাটছাঁটের প্রভাবে বাংলাদেশে ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত বহু প্রকল্প বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৫০ হাজার উন্নয়নকর্মী চাকরি হারান বলে সংশ্লিষ্টদের দাবি।
তবে সামগ্রিক অনুদান বাড়লেও নতুন কর্মসংস্থান তৈরি না হওয়ায় অনেক অভিজ্ঞ কর্মী এখনো কাজ খুঁজে পাচ্ছেন না। সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গা সংকট, বড় আন্তর্জাতিক প্রকল্প ও বিভিন্ন নতুন দাতা সংস্থার অর্থায়নে অনুদান বাড়লেও চাকরি হারানো কর্মীদের সবাই সেই সুযোগের সঙ্গে যুক্ত হতে পারছেন না।
বিশেষ করে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের বেতন কাঠামো এবং কম দক্ষ কর্মীদের চাকরির বাজারে প্রতিযোগিতা নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এইউডিপির দাবি, দক্ষ ও চাকরি হারানো উন্নয়নকর্মীদের জন্য সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি করে নতুন প্রকল্পে নিয়োগের ব্যবস্থা করা হলে এই সংকট অনেকটাই কমানো সম্ভব।