নিউজ প্রবাসী ডেক্স :
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন—এনায়েতের ছেলে চয়ন (২৩), দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে তাকিয়ে দেখেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিন যুবক সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক চয়ন মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নয়ন ও সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।