নিউজ প্রবাসী ডেক্স :
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২৪৭ জন। বন্যার তীব্র স্রোতে ভেসে যাওয়া মানুষের মরদেহ দুর্গত এলাকা থেকে কয়েকশ কিলোমিটার দূরেও পাওয়া যাচ্ছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভোতেকোশি ও ত্রিশূলী নদী অববাহিকায় সৃষ্ট এই ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।
সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়—২৭২ জনের। পূর্ব নবলপুরে ২০৭, পশ্চিম নবলপুরে ১৫১, নুয়াকোটে ৯৫, গোর্খায় ৬২, ধাদিংয়ে ৫৫, তানাহুনে ৩৭ এবং রাসুয়ায় ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত বুধবার নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ব্যাপক বরফ, পাথর ও মাটির ধস নদীতে পড়ার পর আকস্মিক বন্যার সৃষ্টি হয়। প্রবল স্রোতে নদী উপত্যকার বসতি, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।
নিখোঁজদের মধ্যে নুয়াকোটেই রয়েছেন ১ হাজার ৫৫৮ জন এবং রাসুয়ায় ৮৬৫ জন। এ ছাড়া একটি জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯৩৩ জন, ৫৯২ জন বিদেশি নাগরিক এবং বিদেশি পর্যটকদের সঙ্গে থাকা ১২৭ জন নেপালিরও সন্ধান মিলছে না।
নিখোঁজদের তালিকায় রয়েছেন ৮৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তাদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৫, পুলিশের ২৫ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ সদস্য রয়েছেন।
বন্যায় আহত হয়েছেন ২৬৭ জন। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ২০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে দুর্গম এলাকাগুলোতেও উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ১০ হাজার ৪৫১ জনকে উদ্ধার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে নিহতদের মরদেহ সংরক্ষণ ও পরিচয় শনাক্ত করা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জেলার ২১টি হাসপাতালে অসংখ্য অজ্ঞাত মরদেহ রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts