নিউজ প্রবাসী ডেক্স :
ফুটবল বিশ্বে নতুন এক রেকর্ডের দ্বারপ্রান্তে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এন্সো ফের্নান্দেস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, চেলসি থেকে তাকে দলে নিতে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার সিটি।
এন্সোর জন্য সিটির খরচ হবে সাড়ে ১২ কোটি পাউন্ড। এই অঙ্কটি ব্রিটিশ ফুটবলের যৌথ সর্বোচ্চ ট্রান্সফার ফি। এর আগে নিউক্যাসল থেকে আলেকসান্দার ইসাককে দলে নিতে একই পরিমাণ অর্থ খরচ করেছিল লিভারপুল।
২০২৩ সালে বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছিলেন ২৫ বছর বয়সী এন্সো। সিটিতে এই দলবদল চূড়ান্ত হলে ক্যারিয়ারে দুইবার ১০ কোটি পাউন্ডের বেশি ট্রান্সফার ফিতে বিক্রি হওয়া প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়বেন তিনি।
বিবিসির তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি চুক্তির আগে এখন মেডিকেল পরীক্ষা দেবেন এন্সো। ব্যক্তিগত শর্ত নিয়েও বড় কোনো জটিলতা নেই বলে জানা গেছে।
চেলসির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭০ ম্যাচে ৩১ গোল করেছেন এন্সো ফের্নান্দেস। গত মৌসুমেও গোল ও অ্যাসিস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছিলেন দলের অন্যতম সেরা পারফরমার।
এখন সবকিছু ঠিক থাকলে রেকর্ড গড়া দলবদলে চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটির নতুন তারকা হতে যাচ্ছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।