বিনোদন ডেস্ক :

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। নির্মাতা হংসল মেহতার পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে।

এতে বিপাশার পাশাপাশি অভিনয় করছেন সানি কৌশল ও বিশাল জেঠওয়া। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিরিজটির চিত্রনাট্য লিখেছেন কাশ্যপ কাপুর ও রাঘব রাজ কাক্কার। প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রভলীন সান্ধু। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান আলমাইটি মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে সিরিজটি।

অপরাধজগতের বিস্তারকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এর কাহিনি। গল্পের পটভূমি একটি ছোট শহর, যা ধীরে ধীরে আন্তর্জাতিক হেরোইন ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার পথে। অপরাধীদের প্রভাব বাড়তে থাকায় শহরটির পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে।

সিরিজে সানি কৌশলকে দেখা যাবে একজন সৎ ও আপসহীন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে নিজের বিভাগের পাশাপাশি বাইরের প্রভাবশালী ব্যক্তিদেরও মোকাবিলা করতে হবে। এ পরিস্থিতিতে সততা বজায় রাখা এবং মানবিক মূল্যবোধের প্রতি অবিচল থাকাই হবে তাঁর বড় চ্যালেঞ্জ।

তবে বিপাশা বসু ও বিশাল জেঠওয়ার চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি নির্মাতা পক্ষ। সিরিজটির নাম ও মুক্তির তারিখও প্রকাশ করা হয়নি।

২০১৬ সালের এপ্রিলে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর পর্দায় তুলনামূলক কম দেখা গেছে বিপাশাকে। ২০২২ সালের নভেম্বরে তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান দেবী। এরপর পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি অভিনয় থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি।

এর আগে ২০২০ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজে অভিনয় করেন বিপাশা। আর ২০১৫ সালে মুক্তি পাওয়া ভৌতিক সিনেমা ‘অ্যালোন’-এ তাঁকে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল। ছবিটিতে সঞ্জনা ও অঞ্জনা নামের দুই যমজ বোনের ভূমিকায় অভিনয় করেন তিনি।

নতুন ওয়েব সিরিজের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে সক্রিয় হচ্ছেন এই অভিনেত্রী। তবে এবার তাঁকে কোন চরিত্রে দেখা যাবে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts