নিউজ প্রবাসী ডেক্স:
শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূলত ‘সরকারকেন্দ্রিক’ ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী ও টেকসই করতে তিনি জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।
স্পিকার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবর্তন ও টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। তবে ভবিষ্যতে এ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে এগিয়ে নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও আস্থার সম্পর্কই হতে পারে বাংলাদেশ-ভারত সম্পর্কের মূল ভিত্তি।
বৈঠকে ভারতের হাই কমিশনারও জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেন। দুই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর আগ্রহের কথাও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর, রোহিঙ্গা সংকট ও তাদের পুনর্বাসন, খেলাধুলা এবং সাংস্কৃতিক বিনিময় নিয়েও কথা হয়।
এ ছাড়া ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে হাফিজ উদ্দিন আহমদকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়।