নিউজ প্রবাসী ডেক্স :
প্রশাসনের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল করেছে সরকার। এ পরিবর্তনের অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদোন্নতি এবং নতুন পদায়ন করা হয়েছে।
বুধবার পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। চুক্তির মেয়াদ বাড়ানোর মাত্র ১৫ দিনের মাথায় তার এই নতুন পদায়ন হলো।
অন্যদিকে, তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগম পদোন্নতি পেয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বর্তমান সংস্কৃতি সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের অপেক্ষায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
নতুন জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী চলতি বছরের ৩ মার্চ চুক্তিভিত্তিক নিয়োগে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব নেন। ছয় মাসের মাথায় এবার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হলো।
অন্যদিকে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এহছানুল হককে দুই বছরের চুক্তিতে সচিব পদে নিয়োগ দেওয়া হয়। প্রথমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এবার তাকে পরিকল্পনা কমিশনে পদায়ন করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts