নিউজ প্রবাসী ডেক্স :
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা ও কারাগারে তার জীবনযাপন নিয়ে উদ্বেগ জানিয়ে কমনওয়েলথের হস্তক্ষেপ চেয়েছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের ভাই লর্ড জ্যাক গোল্ডস্মিথ।
যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের এই সদস্য গত ২২ আগস্ট কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়েকে চিঠি দেন। এতে ইমরান খানের অধিকার সুরক্ষা এবং তার চিকিৎসা নিশ্চিত করতে সরাসরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
চিঠিতে জ্যাক গোল্ডস্মিথ দাবি করেন, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিলেও তা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি।
তার অভিযোগ, ২০ ও ২১ আগস্ট রাতে ইমরান খানকে সরকারি হাসপাতাল পিমসে নেওয়া হলেও পরে দ্রুত তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়। সেখানে তার ব্যক্তিগত চিকিৎসককে উপস্থিত থাকতে দেওয়া হয়নি বলেও চিঠিতে দাবি করা হয়েছে।
ইমরানের বোন ডা. উজমা খানের বরাত দিয়ে গোল্ডস্মিথ আরও বলেন, প্রায় ১০ মাস পর তিনি ভাইয়ের সঙ্গে দেখা করার সুযোগ পান। দীর্ঘদিনের নিঃসঙ্গ কারাবাসকে ইমরান ‘মারাত্মক নির্যাতন’ হিসেবে বর্ণনা করেছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে নিজের পারিবারিক সম্পর্কের বিষয়টিও তুলে ধরেছেন জ্যাক গোল্ডস্মিথ। ইমরানের দুই ছেলে সুলাইমান ও কাসিম তার ভাগ্নে। তাদের বাবার স্বাস্থ্য নিয়ে দূরদেশে বসে উদ্বেগ ও যন্ত্রণার মধ্যে দিন কাটাতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, ২ সেপ্টেম্বর জ্যাক গোল্ডস্মিথের চিঠির জবাব দিয়েছে কমনওয়েলথ। মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ে জানান, মানবাধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে তারা গুরুত্ব দেন। এসব বিষয়ে পাকিস্তানের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts