নিউজ প্রবাসী ডেক্স :
সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের নবজাতক সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার গভীর রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ওই কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। প্রতিবেশীরা দীর্ঘ সময় ধরে ঘরটির দরজা-জানালা বন্ধ দেখতে পান। পরে শুক্রবার কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষের ভেতর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।
পুলিশ বলছে, মরদেহগুলোর অবস্থা দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এবং কী কারণে এই তিনজনকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।